সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৮:৫৫ এএম
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
সর্বশেষ :

ইসলামের আলোকে কিশোর অপরাধের কারণ ও প্রতিকার

ড.মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

কিশোর-কিশোরীরা একটি জাতির ভবিষ্যৎ। তাদের চরিত্র, নৈতিকতা, শিক্ষা ও মূল্যবোধের ওপর আগামী দিনের সমাজের শান্তি, শৃঙ্খলা ও মানবিকতার অনেকাংশ নির্ভরশীল। পারিবারিক অস্থিরতা, নৈতিক শিক্ষার অভাব, অসৎ সঙ্গ, মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার, অপরাধপ্রবণ পরিবেশ এবং যথাযথ তত্ত্বাবধানের অভাবে অনেক কিশোর অপরাধের পথে জড়িয়ে পড়ছে। এটি শুধু ব্যক্তির সমস্যা নয়; পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক সংকট। ইসলাম কিশোরদের চরিত্র গঠন ও নৈতিক বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআন মানুষকে সত্য, ন্যায়, সংযম ও কল্যাণের পথে চলার নির্দেশ দিয়েছে এবং অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকতে বলেছে। মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সৎকর্ম ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন।” (সূরা আন নাহল: আয়াত ৯০)

সুতরাং অপরাধ প্রতিরোধের অন্যতম ভিত্তি হলো ন্যায়, সৎকর্ম ও নৈতিকতার শিক্ষা।
শিশুর প্রথম শিক্ষালয় পরিবার। বাবা-মায়ের স্নেহ, শাসন, আদর্শ ও তত্ত্বাবধানের ঘাটতি কিশোরের মানসিক ও নৈতিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই আগুন থেকে রক্ষা করো।” (সূরা আত তাহরিম: আয়াত ৬) সন্তানকে শুধু ভরণ-পোষণ করাই নয়; তার ইমান, চরিত্র ও নৈতিকতার প্রতি অভিভাবকের দায়িত্ব রয়েছে। কৈশোরে বন্ধুবান্ধবের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। খারাপ বন্ধু একজন কিশোরকে মাদক, সহিংসতা, অশ্লীলতা কিংবা অন্যান্য অপরাধের দিকে ঠেলে দিতে পারে। হযরত রসুল (সা.) বলেন, “মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। অতএব, তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।” (সুনান আবু দাউদ, ৪৮৩৩)

সুতরাং সৎ ও চরিত্রবান বন্ধু নির্বাচন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। শিক্ষা যদি কেবল পরীক্ষার ফলাফল ও কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু সত্যবাদিতা, আমানতদারি, সংযম, দায়িত্ববোধ ও মানবিকতার শিক্ষা না থাকে, তাহলে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে না। সূরা লুকমানে বর্ণিত আছে যে, হযরত লুকমান (আ.) তাঁর সন্তানকে উপদেশ দেওয়ার সময় তাওহিদ, নামাজ, সৎকাজের নির্দেশ, অসৎকাজ থেকে নিষেধ এবং ধৈর্যের শিক্ষা দিয়েছিলেন। মাদক মানুষের বিবেক ও বিচারবোধকে দুর্বল করে এবং অপরাধপ্রবণতা বাড়াতে পারে। পবিত্র কুরআনে মদ ও জুয়াকে শয়তানের অপবিত্র কাজ হিসেবে উল্লেখ করে তা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, “হে মুমিনগণ! মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারণের শর—এসব শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা সফল হতে পারো।” (সূরা আল মায়িদাহ: আয়াত ৯০) প্রযুক্তি নিজে অপরাধের কারণ নয়; এর অপব্যবহার কিশোরদের জন্য ক্ষতিকর হতে পারে। অশ্লীলতা, সহিংসতা, প্রতারণা, সাইবার বুলিং ও ক্ষতিকর অনলাইন সংস্কৃতির প্রভাব থেকে কিশোরদের রক্ষা করতে সচেতনতা ও অভিভাবকীয় তত্ত্বাবধান প্রয়োজন।

কিশোর অপরাধ প্রতিরোধের উপায়গুলো হচ্ছে- পরিবারকে নৈতিক শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তোলা। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। কেবল ভুলের জন্য শাস্তি না দিয়ে ভুলের কারণ বুঝতে হবে এবং ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে সংশোধনের সুযোগ দিতে হবে। নামাজ ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আল্লাহ বলেন, “নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল আনকাবুত: আয়াত ৪৫) কিশোরদের নামাজ, কুরআন শিক্ষা, দোয়া ও আত্মশুদ্ধির চর্চায় উৎসাহিত করা অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে। কিশোরদের এমন পরিবেশে রাখতে হবে যেখানে তারা সৎ, চরিত্রবান ও ইতিবাচক মানুষের সংস্পর্শ পায়। আল্লাহ বলেন, “হে মুমিনগণ! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।” (সূরা আত তাওবাহ: আয়াত ১১৯) কিশোরের অপরাধ সংশোধনের ক্ষেত্রে অপমান, অতিরিক্ত কঠোরতা বা নির্যাতনের পরিবর্তে কাউন্সেলিং, নৈতিক শিক্ষা, পারিবারিক সহায়তা ও প্রয়োজনে পেশাদার সহযোগিতা অধিক ফলপ্রসূ হতে পারে।

কিশোর অপরাধ প্রতিরোধ শুধু পরিবারের কাজ নয়। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও রাষ্ট্র—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আল্লাহ বলেন, “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে।” (সূরা আলে ইমরান: আয়াত ১০৪) শাস্তি দিয়ে কিশোর অপরাধ নির্মূল করা সম্ভব নয়; প্রয়োজন সুশিক্ষা, পারিবারিক ভালোবাসা, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ, সৎ সঙ্গ, যথাযথ তত্ত্বাবধান এবং সংশোধনের সুযোগ দেওয়া। পবিত্র কুরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করে যদি পরিবার ও সমাজ কিশোরদের মধ্যে ইমান, তাকওয়া, সত্যবাদিতা, আত্মসংযম, দায়িত্ববোধ ও মানবিকতা গড়ে তুলতে পারে, তবে তারা অপরাধের পথে না গিয়ে সমাজের সম্পদ ও ভবিষ্যতের নেতৃত্বে পরিণত হতে পারে। কিশোরকে অপরাধী হিসেবে চিহ্নিত করার আগে তাকে সংশোধন ও সঠিক পথে ফিরিয়ে আনার সুযোগ দেওয়াই ইসলামের নৈতিক শিক্ষার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ।

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজান বলেন,“ কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে হলে তাদেরকে নৈতিক ও আদর্শিক শিক্ষা দিতে হবে। তাদের অন্তরে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেম জাগ্রত করতে হবে এবং চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতাবোধ ও আত্মশুদ্ধিই পারে একজন কিশোরকে অপরাধমুক্ত, আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।”
[লেখক: গবেষক, কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স, ঢাকা।]

ব্রেকিং
ইসলামের আলোকে কিশোর অপরাধের কারণ ও প্রতিকারইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)-এর সম্পাদনায় মাসিক আত্মার বাণী পত্রিকা ৭ বছরের নিরবচ্ছিন্ন পথচলানভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী“গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়”দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ ও পুরস্কার বিতরণদেবীদ্বারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলনদেবিদ্বারে বিএনপির নেতার রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে মানববন্ধনকাঁচাবাজারের সবজির দাম চড়া, পরিবহন ভাড়াকে দায়ী করছে বিক্রেতারাহিদায়েতের চিরন্তন ধারায় ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক