সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ৯:০৭ এএম
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন
সর্বশেষ :

ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)-এর সম্পাদনায় মাসিক আত্মার বাণী পত্রিকা ৭ বছরের নিরবচ্ছিন্ন পথচলা

ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল

পটভূমি: কিছু পত্রিকা বা সাময়িকী কেবল সংবাদ, প্রবন্ধ কিংবা নিবন্ধের সমষ্টি নয়; সময়ের স্রোত পেরিয়ে হয়ে ওঠে একটি আদর্শের বাহক, একটি চেতনার কণ্ঠস্বর এবং মানুষের অন্তর্জগতকে আলোকিত করার এক নিরন্তর প্রয়াস। মাসিক ‘আত্মার বাণী’ তেমনই একটি প্রকাশনা—যার প্রতিটি সংখ্যার অন্তরালে রয়েছে সত্যের সন্ধান, আত্মিক চেতনার জাগরণ এবং হযরত রাসুল (সা.)-এর প্রেম, শান্তি ও মানবতার মহান আদর্শ মানুষের হৃদয়ে প্রতিষ্ঠার এক মহৎ প্রত্যয়। ১৯৮১ সালের সেপ্টেম্বর মাসে মহান সংস্কারক মোহাম্মদী ইসলামের পুনর্জীবনদানকারী হযরত মাহ্বুব-এ-খোদা দেওয়ানবাগী (রহ.) মাসিক আত্মার বাণী সাময়িকীটি প্রথম প্রকাশ করেন। প্রথম প্রকাশের ৩৮ বছর পর ২০১৯ সালের নভেম্বর মাসে হযরত দেওয়ানবাগী (রহ.) তাঁর স্থলাভিষিক্ত মহামানব মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানকে মাসিক ‘আত্মার বাণী’ পত্রিকার সম্পাদনার গুরুদায়িত্ব অর্পণ করেন। এই পথচলার সঙ্গে জড়িয়ে আছে এক মহান আধ্যাত্মিক উত্তরাধিকার। এটি নিছক একটি পত্রিকা সম্পাদনার দায়িত্ব নয়; বরং ছিল একটি আদর্শ, একটি চেতনা ও একটি মহৎ আধ্যাত্মিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব।

একটি দূরদর্শী নির্দেশনা: দায়িত্ব অর্পণের সময় হযরত দেওয়ানবাগী (রহ.) পত্রিকাটির ভবিষ্যৎ পথচলা সম্পর্কে যে দিকনির্দেশনা প্রদান করেন, তাতে তাঁর অসাধারণ দূরদর্শিতা ও সময় সচেতনতার পরিচয় পাওয়া যায়। তিনি চেয়েছিলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ‘আত্মার বাণী’ যেন নতুন প্রজন্মের পাঠকের কাছেও সমানভাবে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠে। বাবা দেওয়ানবাগী নির্দেশনা ছিল—পত্রিকাটিকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয়, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব করে গড়ে তুলতে হবে; তবে এই পরিবর্তনের পথে যেন পত্রিকার মূল আদর্শ, স্বকীয়তা ও ঐতিহ্য কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। অর্থাৎ আধুনিকতার সঙ্গে পথ চলবে ‘আত্মার বাণী’, কিন্তু তার আত্মপরিচয় বিসর্জন দিয়ে নয়; বরং নিজস্ব আদর্শকে অটুট রেখেই সময়ের নতুন প্রজন্মের কাছে সত্য ও আধ্যাত্মিকতার বার্তা পৌঁছে দেবে। এই নির্দেশনার মধ্যেই যেন নিহিত ছিল একটি সুদূরপ্রসারী স্বপ্ন—‘আত্মার বাণী’ প্রতিটি লেখায় নতুন প্রজন্ম সত্যের সন্ধান পাবে, শান্তির বার্তা খুঁজে পাবে এবং আধ্যাত্মিক জীবনের পথনির্দেশ লাভ করবে। মহান মোর্শেদের পবিত্র নির্দেশনা ও দূরদর্শী প্রেরণার বাস্তব প্রতিফলন ‘আত্মার বাণী’ পত্রিকার প্রতিটি পৃষ্ঠা ও কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের প্রজ্ঞাময় নেতৃত্ব, স্নেহময় দিকনির্দেশনা ও অক্লান্ত সাধনায় সেই নির্দেশনা পেয়েছে বাস্তব রূপ, লাভ করেছে নবতর প্রাণ, গতি ও দীপ্তি। ফলে ‘আত্মার বাণী’ আজ কেবল একটি পত্রিকা নয়; বরং মোর্শেদের আদর্শ, আধ্যাত্মিক শিক্ষা ও মহান ইমামের সংস্কারধারার এক উজ্জ্বল প্রতিফলন ও জীবন্ত মুখপাত্র হিসেবে পাঠকের হৃদয়ে আলোর সঞ্চার করে চলেছে।

৭ বছরের দায়িত্বশীল পথচলা: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের দায়িত্ব অর্পণের পর দেখতে দেখতে পেরিয়ে গেছে ৭টি বছর। তিনি হযরত দেওয়ানবাগী (রহ.)-এর অপার দয়া ও আধ্যাত্মিক অনুপ্রেরণাকে পাথেয় করে অত্যন্ত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে সম্পাদনার এই গুরুদায়িত্ব পালন করে চলেছেন। ৭ বছর সময়ের বিচারে হয়তো একটি সংখ্যা মাত্র; কিন্তু একটি আদর্শনির্ভর পত্রিকার নিয়মিত প্রকাশনার ক্ষেত্রে এটি একটি দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। প্রতিটি সংখ্যার পেছনে থাকে পরিকল্পনা, বিষয় নির্বাচন, লেখা সংগ্রহ, সম্পাদনা, পরিমার্জন, প্রুফ সংশোধন এবং সর্বোপরি একটি মহৎ উদ্দেশ্যকে পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস। ‘আত্মার বাণী’র প্রতিটি সংখ্যা তাই কেবল মুদ্রিত কিছু পৃষ্ঠার সমষ্টি নয়; এর প্রতিটি পৃষ্ঠায় নিহিত থাকে একটি চিন্তা, একটি শিক্ষা এবং মানুষের আত্মিক জগৎকে স্পর্শ করার একটি আন্তরিক প্রয়াস।

সময়ের সঙ্গে আধুনিকতা, আদর্শে অটুট স্বকীয়তা: বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের যুগ। মানুষের পাঠাভ্যাস বদলেছে, তথ্য গ্রহণের মাধ্যম বদলেছে, বিশেষ করে নতুন প্রজন্মের চিন্তা ও অনুসন্ধানের ধরনেও এসেছে ব্যাপক পরিবর্তন। এমন সময়ে একটি আদর্শনির্ভর পত্রিকার সামনে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো—কীভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা যায়, অথচ নিজের মূল দর্শন ও স্বকীয়তা অক্ষুণ্ন রাখা যায়। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের সম্পাদনা ও পরিচালনায় ‘আত্মার বাণী’র ৭ বছরের পথচলায় এই ভারসাম্য রক্ষার প্রয়াস বিশেষভাবে লক্ষণীয়। একদিকে আধুনিক পাঠকের রুচি ও প্রয়োজনকে বিবেচনায় নেওয়া হয়েছে, অন্যদিকে পত্রিকাটির মৌলিক আদর্শ, আধ্যাত্মিক চেতনা ও মূল্যবোধকে অটুট রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। এ কারণেই ‘আত্মার বাণী’ শুধু অতীতের ঐতিহ্য ধারণ করে থেমে থাকেনি; বরং ঐতিহ্যের শিকড়কে দৃঢ় রেখে ভবিষ্যতের প্রজন্মের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

প্রতিটি সংখ্যার অন্তরালে একটি মহৎ উদ্দেশ্য: ‘আত্মার বাণী’র প্রতিটি সংখ্যা প্রকাশের পেছনে রয়েছে একটি সুস্পষ্ট ও মহৎ উদ্দেশ্য—মানুষের অন্তরে সত্যের আলো জ্বালানো, আত্মিক চেতনাকে জাগ্রত করা এবং হযরত রাসুল (সা.)-এর প্রেম, শান্তি ও মানবতার মহান আদর্শ মানুষের জীবনে প্রতিষ্ঠিত করার প্রয়াস। মানুষের বাহ্যিক উন্নতি যতই হোক, তার অন্তর যদি অন্ধকারে আচ্ছন্ন থাকে, তবে সেই উন্নতি পূর্ণতা লাভ করতে পারে না। তাই মানুষের অন্তর্জগৎকে আলোকিত করা, নৈতিক চেতনাকে জাগ্রত করা এবং আত্মিক মূল্যবোধকে জীবনের সঙ্গে সম্পৃক্ত করাই ‘আত্মার বাণী’র অন্যতম প্রধান প্রত্যয়। সত্যের আলো মানুষের বিবেককে জাগ্রত করে; আত্মিক চেতনা নিজের অস্তিত্ব ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে শেখায়; আর রাসুলপ্রেম মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করার অনুপ্রেরণা দেয়। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজান এই তিনটি চেতনার সমন্বয় গড়ে তুলছেন একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।

নতুন প্রজন্মের কাছে একটি আলোকিত বার্তা: আজকের তরুণ প্রজন্ম জ্ঞান ও তথ্যের এক বিশাল সমুদ্রের মধ্যে বসবাস করছে। পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য মুহূর্তেই তাদের হাতের মুঠোয় পৌঁছে যাচ্ছে। কিন্তু তথ্যের প্রাচুর্য সবসময় সত্যের নিশ্চয়তা দেয় না; জ্ঞানের বিস্তারও সবসময় আত্মিক পরিশুদ্ধি নিশ্চিত করে না। এই বাস্তবতায় ‘আত্মার বাণী’র মতো একটি প্রকাশনার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে অনুভূত হয়। কারণ মানুষের শুধু তথ্য প্রয়োজন নয়—প্রয়োজন সত্যের বোধ, নৈতিকতার শিক্ষা, আত্মিক প্রশান্তি এবং জীবনের গভীরতর উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা। নতুন প্রজন্মের কাছে তাই ‘আত্মার বাণী’ হতে পারে এমন একটি পাঠভূমি, যেখানে আধুনিক সময়ের প্রশ্নের পাশাপাশি মানুষের চিরন্তন আত্মিক জিজ্ঞাসারও অনুসন্ধান করা যায়। এখানে মানুষ কেবল পড়বে না; বরং ভাববে, নিজেকে প্রশ্ন করবে এবং নিজের অন্তর্জগতের দিকে ফিরে তাকানোর সুযোগ পাবে।

সম্পাদনার দায়িত্ব: একটি পত্রিকার সম্পাদনা কেবল প্রশাসনিক দায়িত্ব নয়; আদর্শনির্ভর একটি পত্রিকার ক্ষেত্রে এটি এক ধরনের সেবা ও সাধনা। কারণ সম্পাদককে একই সঙ্গে পাঠকের রুচি, সময়ের প্রয়োজন, লেখার মান, তথ্যের যথার্থতা এবং পত্রিকার মূল আদর্শ—সবকিছুর মধ্যে একটি সুন্দর সমন্বয় সাধন করতে হয়। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের ৭ বছরের সম্পাদনাকালকে সেই দায়িত্বশীল প্রয়াসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা যায়। তাঁর সম্পাদনায় ‘আত্মার বাণী’কে সময়োপযোগী, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব করে তোলার পাশাপাশি এর নিজস্ব বৈশিষ্ট্য ও আদর্শিক স্বাতন্ত্র্য ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। এ দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি বৃহত্তর লক্ষ্য ও আদর্শের প্রতি অবিচল অঙ্গীকার। মহান ইমামের ৭ বছরের নিরবচ্ছিন্ন পথচলা সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

একটি আলোকবর্তিকার দীর্ঘ পথচলা: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের ২০১৯ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই অধ্যায় আজ ৭ বছরের পূর্ণতায় উপনীত হয়েছে। পেছনে তাকালে দেখা যায়—এটি কেবল সময়ের অতিক্রম নয়; এটি একটি আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রয়াস। হযরত দেওয়ানবাগী (রহ.) যে স্বপ্ন ও দিকনির্দেশনা দিয়ে ‘আত্মার বাণী’র ভবিষ্যৎ পথচলার ভিত্তি রচনা করেছিলেন, তাঁর নেকদৃষ্টি ও অনুপ্রেরণাকে পাথেয় করে সেই পথেই এগিয়ে চলেছেন ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজান। এই পথচলার সাফল্য কেবল কতটি সংখ্যা প্রকাশিত হলো, তার হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে—কতটি হৃদয়ে সত্যের আলো পৌঁছালো, কতজন মানুষ আত্মিক চেতনায় উদ্বুদ্ধ হলো, কতজন হযরত রাসুল (সা.)-এর প্রেম ও মানবতার আদর্শ সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখলো এবং কতজন পাঠক নিজের অন্তর্জগতকে পরিশুদ্ধ করার অনুপ্রেরণা লাভ করল—তার মধ্যে।

উপসংহার: ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের সম্পাদনার ৭ বছর পেরিয়ে ৮ বছর পর্দাপণে ‘আত্মার বাণী’ আজও তার নির্ধারিত লক্ষ্যে অবিচল। সময় বদলেছে, পাঠকের রুচি বদলেছে, যোগাযোগের মাধ্যম বদলেছে; কিন্তু সত্য, শান্তি, মানবতা ও আধ্যাত্মিকতার প্রয়োজন কখনো ফুরায়নি। বরং অস্থির ও দ্রুত পরিবর্তনশীল এই সময়ে মানুষের অন্তরের শান্তি ও আত্মিক জাগরণের প্রয়োজন আরও গভীর হয়েছে। ‘আত্মার বাণী’র পথচলা শুধু একটি পত্রিকার পথচলা নয়; এটি সত্য ও শান্তির সন্ধানে মানুষের অন্তর্জগতের দিকে ফিরে তাকানোর এক নিরন্তর আহ্বান। এটি এমন এক আলোকধারা, যা মানুষের হৃদয়ে সত্যের প্রদীপ প্রজ্বলিত করতে চায়; এমন এক আধ্যাত্মিক প্রয়াস, যা মানুষকে নিজের অন্তরকে চিনতে এবং মানবতার বৃহত্তর কল্যাণে নিজেকে নিয়োজিত করতে উদ্বুদ্ধ করে। ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.) হুজুর কেবলাজানের নিষ্ঠা, প্রজ্ঞা ও আন্তরিক সম্পাদনায় ‘আত্মার বাণী’ আগামী দিনেও সত্য, শান্তি ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে নতুন প্রজন্মের হৃদয়ের দুয়ারে পৌঁছে যাবে—এই প্রত্যাশাই রইলো।

[লেখক: গবেষক, কদর রিসার্চ অ্যান্ড পাবলিকেশসন্স, ঢাকা; কলামিস্ট; সাবেক সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, পিইউবি]

ব্রেকিং
ইসলামের আলোকে কিশোর অপরাধের কারণ ও প্রতিকারইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)-এর সম্পাদনায় মাসিক আত্মার বাণী পত্রিকা ৭ বছরের নিরবচ্ছিন্ন পথচলানভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন: বিমানমন্ত্রী“গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়”দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজে নবীণ বরণ ও পুরস্কার বিতরণদেবীদ্বারে ক্ষতিগ্রস্ত পরিবারের সংবাদ সম্মেলনদেবিদ্বারে বিএনপির নেতার রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে মানববন্ধনকাঁচাবাজারের সবজির দাম চড়া, পরিবহন ভাড়াকে দায়ী করছে বিক্রেতারাহিদায়েতের চিরন্তন ধারায় ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা. আ.)গুলিস্তান থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক